রাজধানীর কমলাপুরে স্টেশন থেকে ছাড়ার সময় ট্রেনে উঠতে গিয়ে আসমা ভূঁইয়া (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকালে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আসমা উত্তরা দক্ষিণখান থানার মোল্লারটেক এলাকার মোমিন ভূঁইয়ার স্ত্রী। দুর্ঘটনার পর ঢাকা মেডিকেলে নেয়া হলে পরীক্ষা-নিরীক্ষার পর সকাল সোয়া ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আসমার স্বামী মোমিন ভূঁইয়া জানান, নারায়ণগঞ্জে মেয়ের বাসায় যাওয়ার উদ্দেশ্যে সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে এসেছিলেন তারা। ওই সময় সবাই লাইন ধরে ট্রেনে উঠছিল। একপর্যায়ে ট্রেন ছেড়ে দিলে দ্রুত ট্রেনে উঠতে গিয়ে আসমা পা পিছলে পড়ে যান। এতে তার পায়ের কিছু অংশ কেটে প্রচুর রক্তক্ষরণ হয়। পরবর্তীতে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক জানান আসমা আর বেঁচে নেই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ট্রেন দুর্ঘটনায় নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য বর্তমানে নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সেই সঙ্গে বিষয়টি রেলওয়ে থানা পুলিশকেও জানানো হয়েছে।














