কুমিল্লাবৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভারত মহাসাগরে ইরানের তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ২৩, ২০২৬ ৮:০৮ অপরাহ্ণ
Link Copied!

হরমুজ প্রণালিতে চলমান উত্তেজনার মধ্যে ভারত মহাসাগরে অভিযান চালিয়ে ইরান থেকে তেল পরিবহনকারী একটি নিষেধাজ্ঞাপ্রাপ্ত জাহাজ জব্দ করেছে মার্কিন সামরিক বাহিনী।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষা বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘মার্কিন বাহিনী ভারত মহাসাগরে ইরান থেকে তেল পরিবহনকারী নিষেধাজ্ঞাপ্রাপ্ত রাষ্ট্রহীন জাহাজ (যার কোনো স্বীকৃত জাতীয়তা নেই) এম/টি ম্যাজেস্টিকে তল্লাশি ও নিয়ন্ত্রণ অভিযান চালানো হয়।’

মার্কিন প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, ‘ইরানকে বস্তুগত সহায়তা দিচ্ছে’ এমন সন্দেহভাজন জাহাজগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী অভিযান অব্যাহত রাখবে।

হরমুজ প্রণালিতে অবরোধ শুরু করার পর থেকে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ডজনখানেক জাহাজ আটক করেছে। তবে এসব জাহাজ ইরানের কাছাকাছি নয়, বরং ভারত মহাসাগরের আরও দূরবর্তী এলাকায় আটক হচ্ছে।

গত ২১ এপ্রিল ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ‘এম/টি টিফানি’ নামক একটি জাহাজ জব্দ করার দুই দিন পর নতুন করে আরেকটি জাহাজ জব্দের খবর জানাল মার্কিন প্রতিরক্ষা দফতর।

ওই সময় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষা দফতর জানায়, ‘আমরা এটি স্পষ্ট করে দিয়েছি যে, ইরানের জন্য বস্তুগত সহায়তা প্রদানকারী এবং অবৈধ নেটওয়ার্কের সাথে যুক্ত যেকোনো নিষিদ্ধ জাহাজ যেখানেই থাকুক না কেন, তা রুখে দিতে আমরা আমাদের বিশ্বব্যাপী সামুদ্রিক আইন প্রয়োগকারী কার্যক্রম অব্যাহত রাখব।’

.