চলতি এপ্রিল মাসের প্রথম ২১ দিনে দেশে ২৩৩ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা দৈনিক গড়ে প্রায় ১১ কোটি ১০ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ে রেমিট্যান্স প্রবাহ ছিল ১৯৬ কোটি ৬০ লাখ ডলার। সেই হিসাবে বছর ব্যবধানে প্রবাসী আয় উল্লেখযোগ্য হারে বেড়েছে।
চলতি অর্থবছরের জুলাই থেকে ২১ এপ্রিল পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৮৫৪ কোটি ডলার, যা আগের বছরের তুলনায় প্রায় ২০ দশমিক ২০ শতাংশ বেশি।
এর আগে মার্চ মাসে একক মাস হিসেবে সর্বোচ্চ ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স আসে দেশে। এছাড়া জানুয়ারি, ফেব্রুয়ারি ও ডিসেম্বরসহ সাম্প্রতিক মাসগুলোতেও ধারাবাহিকভাবে উচ্চ প্রবাহ লক্ষ্য করা গেছে।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, প্রবাসীদের পাঠানো অর্থের এই ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।












