সংবাদ:
ডিজেলের দাম বাড়লেও সরকারের অনুমোদন ছাড়া বাসভাড়া বৃদ্ধি না করতে পরিবহণ মালিকদের কঠোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতি।
বুধবার সমিতির মহাসচিব মো. সাইফুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত বর্তমান ভাড়ার বাইরে অতিরিক্ত টাকা আদায় করা যাবে না। দেশের সব রুটে এ নির্দেশনা মেনে চলতে মালিক ও শ্রমিকদের আহ্বান জানানো হয়েছে।
তবে বিবৃতিতে পরিবহণ খাতের বাড়তি ব্যয়ের বিষয়টিও তুলে ধরা হয়। ডিজেলের দাম বৃদ্ধির পাশাপাশি ডলারের ঊর্ধ্বগতির কারণে যন্ত্রাংশ ও রক্ষণাবেক্ষণ ব্যয় বেড়েছে বলে উল্লেখ করা হয়েছে।
এ অবস্থায় খাতটিকে টিকিয়ে রাখতে বাস্তবসম্মত ভাড়া সমন্বয়ের জন্য সরকারের কাছে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দাবি জানিয়েছে সমিতি।












