সংবাদ:
পিরোজপুরের মঠবাড়িয়ায় পারিবারিক বিরোধের জেরে বিথী আক্তার (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে তার চাচার বিরুদ্ধে।
মঙ্গলবার বিকেলে তুষখালী ইউনিয়নের শাঁখারিকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। আহত বিথী স্থানীয় বিদ্যালয়ের পরীক্ষার্থী এবং ওই গ্রামের বাসিন্দা বাদল হাওলাদারের মেয়ে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বিথীর বাবার সঙ্গে স্বজনদের তুচ্ছ বিষয় নিয়ে বিরোধের জেরে হাতাহাতির ঘটনা ঘটে। এ নিয়ে কথা বলতে গেলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং একপর্যায়ে তার ওপর হামলা চালানো হয়। এতে তার হাত ভেঙে যায়।
প্রথমে তাকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, এ বিষয়ে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।












