কুমিল্লাবুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দক্ষিণ আফ্রিকায় প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ২২, ২০২৬ ১২:০৬ অপরাহ্ণ
Link Copied!

সংবাদ:
দক্ষিণ আফ্রিকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী আবু নাছের শামীম (৫০)। মঙ্গলবার বিকেলে জোহানেসবার্গের পার্শ্ববর্তী বারা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শামীম নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের বাসিন্দা এবং চার সন্তানের জনক। পরিবার সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে দক্ষিণ আফ্রিকায় ব্যবসা পরিচালনা করে আসছিলেন এবং বর্তমানে তার একাধিক ব্যবসা প্রতিষ্ঠান ছিল।

নিহতের ছেলে জানান, সম্প্রতি একটি দোকান বিক্রিকে কেন্দ্র করে এক ব্যবসায়িক অংশীদারের সঙ্গে তার বাবার বিরোধ চলছিল। নিরাপত্তার জন্য দোকানে বুলেটপ্রুফ গ্লাস স্থাপন এবং ব্যক্তিগত নিরাপত্তাকর্মী নিয়োগ করা হলেও শেষ রক্ষা হয়নি।

ঘটনার দিন বিকেলে দোকানের সামনে অবস্থানকালে দুর্বৃত্তরা অতর্কিতে হামলা চালিয়ে তাকে লক্ষ্য করে গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের পক্ষ থেকে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছে।