সংবাদ:
মোবাইল ইন্টারনেটের অব্যবহৃত ডাটার মেয়াদ আনলিমিটেড করার বিষয়টি পর্যালোচনায় রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি জানান, দেশের বিপুল সংখ্যক মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর চাহিদা ও ব্যবহারভিত্তিক পার্থক্যের কারণে অপারেটররা মেয়াদভিত্তিক বিভিন্ন প্যাকেজ চালু রেখেছে। তবে ডাটার মেয়াদ শেষে অব্যবহৃত অংশ বাতিল হয়ে যাওয়ার বিষয়টি সরকারের নজরে এসেছে।
গ্রাহক স্বার্থ রক্ষায় এ সমস্যা সমাধানে সরকার কাজ করছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ডাটা প্যাকেজের মেয়াদ নির্ধারণে শুধু ব্যবসায়িক দিক নয়, প্রযুক্তিগত ও নেটওয়ার্ক ব্যবস্থাপনাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও জানান, একই প্যাকেজ পুনরায় কিনলে অব্যবহৃত ডাটা বহাল রাখার (ক্যারি ফরওয়ার্ড) সুবিধা রয়েছে। পাশাপাশি দীর্ঘমেয়াদি ডাটা প্যাকেজও চালু আছে, যা কার্যত দীর্ঘ সময় ব্যবহারযোগ্য সুবিধা দেয়।












