কুমিল্লাবুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে শিক্ষকদের বহনকারী মাইক্রোবাসে রহস্যজনক আঘাত, আতঙ্ক

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ২১, ২০২৬ ১০:৩২ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরে সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষকদের বহনকারী একটি মাইক্রোবাসে রহস্যজনক আঘাতের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এতে গাড়িটির পেছনের কাঁচ ভেঙে যায় এবং কাঁচের টুকরো ভেতরে থাকা শিক্ষকদের ওপর পড়ে। তবে এতে কেউ গুরুতর আহত হননি।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের চাঁনমারি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় শিক্ষকদের নিয়ে মাইক্রোবাসটি শহর ক্যাম্পাস থেকে বায়তুল আমান ক্যাম্পাসের দিকে যাচ্ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদগাঁ মোড় অতিক্রম করার পরপরই হঠাৎ বিকট শব্দ হয় এবং মুহূর্তেই গাড়ির পেছনের কাঁচ ভেঙে চূর্ণবিচূর্ণ হয়ে যায়। পরে কাঁচে গুলির মতো একটি চিহ্ন দেখা যায়, যা দেখে এটি আগ্নেয়াস্ত্রের আঘাত হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

মাইক্রোবাসে থাকা শিক্ষকদের ভাষ্য, ঘটনাটি এত দ্রুত ঘটেছে যে তারা কিছু বুঝে ওঠার আগেই আতঙ্কিত হয়ে পড়েন। নিয়মিত চলাচলের পথে এমন ঘটনার নজির না থাকায় বিষয়টি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

রাজেন্দ্র কলেজ শিক্ষক সমিতির সম্পাদক মো. শাহিনুল ইসলাম জানিয়েছেন, বিষয়টি নিয়ে জরুরি বৈঠক ডেকে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। কলেজের অধ্যক্ষ প্রফেসর এস.এম. আব্দুল হালিমও ঘটনাটিকে গুরুত্ব দিয়ে তদন্তের প্রয়োজনীয়তার কথা বলেছেন।

এদিকে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।