কুমিল্লামঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

টেন্ডার বিরোধে ক্যানসার হাসপাতালের উপ-পরিচালকের ওপর হামলা, গ্রেপ্তার ৫

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ২১, ২০২৬ ৫:৩০ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর মহাখালীতে জাতীয় ক্যানসার হাসপাতালের উপ-পরিচালক ডা. আহমদ হোসেনের ওপর হামলার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার দুপুরে কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড ইন্তেখাব চৌধুরী এ তথ্য জানান।

তিনি বলেন, টেন্ডার-সংক্রান্ত বিরোধের জেরে ভাড়াটে সন্ত্রাসীদের দিয়ে এই হামলা চালানো হয়। হামলার সময় চিকিৎসকের হাত ও পিঠে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। আহত অবস্থায় তাকে প্রথমে জাতীয় ক্যানসার হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা বনানী থানায় অজ্ঞাত ৮-১০ জনকে আসামি করে মামলা করেন। এরপর গোয়েন্দা তৎপরতা জোরদার করে র‍্যাব রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন—শরিফুল আলম করিম, আমিনুল ইসলাম কালু, সালাউদ্দিন বদি, সাজ্জাদ ও আরিফুজ্জামান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হামলায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‍্যাব।

তদন্তে জানা গেছে, একটি টেন্ডারকে কেন্দ্র করে দুটি প্রতিষ্ঠানের মধ্যে বিরোধ চলছিল। এর মধ্যে একটি প্রতিষ্ঠানের পক্ষে বিদেশে অবস্থানরত এক ব্যক্তি হামলার নির্দেশ দেন এবং স্থানীয় সহযোগীদের মাধ্যমে তা বাস্তবায়ন করা হয়।

র‍্যাব জানিয়েছে, অল্প টাকার বিনিময়ে এই হামলা চালানো হলেও এটি হত্যার উদ্দেশ্যে নয়, বরং ভয়ভীতি প্রদর্শনের জন্য করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার মূল পরিকল্পনাকারীকে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।