কুমিল্লামঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হচ্ছে কখন

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ২১, ২০২৬ ১২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প গত ৭ এপ্রিল সন্ধ্যায় ওয়াশিংটন ডিসিতে ইরানের সাথে দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতি ঘোষণা করেন। যার অর্থ দাঁড়ায় ২১ এপ্রিল (মঙ্গলবার) যুদ্ধবিরতির মেয়াদ শেষ হবে। তবে চলমান যুদ্ধবিরতির মেয়াদ ট্রাম্প আরও ২৪ ঘণ্টা বাড়িয়েছেন।

সোমবার (২০ এপ্রিল) ব্লুমবার্গ নিউজকে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি যুদ্ধবিরতির মেয়াদ ‘বুধবার সন্ধ্যা (ওয়াশিংটন সময়)’ পর্যন্ত নির্ধারণ করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, এ মেয়াদ আর বাড়ানোর সম্ভাবনা খুব কম এবং এর পরই আবার বোমাবর্ষণ শুরু হতে পারে। তবে তিনি এটাও বলেন, ‘একটি খারাপ চুক্তির জন্য আমি তাড়াহুড়ো করব না। আমাদের হাতে যথেষ্ট সময় আছে।’

আলোচনার সাথে জড়িত একটি পাকিস্তান সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, চলমান যুদ্ধবিরতির মেয়াদ বুধবার রাত ৮টায় (ইটি) জিএমটি অনুযায়ী মধ্যরাতে বা ইরানে বৃহস্পতিবার ভোররাত ৩টা ৩০ মিনিটে শেষ হবে।

গত ১১ এপ্রিল পাকিস্তানের ইসলামাবাদে ২১ ঘণ্টার দীর্ঘ বৈঠক করেও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে চললেও তেহরানের অনাগ্রহ ও ওয়াশিংটনের কড়া অবস্থান পুরো প্রক্রিয়াকে অনিশ্চয়তায় ফেলেছে।

সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস জানিয়েছে, ইরান আলোচনায় রাজি হলে আজ মঙ্গলবার মার্কিন প্রতিনিধিদল ইসলামাবাদের উদ্দেশে রওনা হতে পারে। মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। প্রতিনিধিদলে ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও প্রেসিডেন্টের জামাতা জারেড কুশনারও সফরে ভ্যান্সের সঙ্গে থাকবেন।

তবে আলোচনার পরিবেশ নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহার ছাড়া কোনো আলোচনায় তারা যাবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি পাকিস্তান ও রাশিয়ার সঙ্গে ফোনালাপে বলেছেন, যুক্তরাষ্ট্রের বিরোধপূর্ণ ও অবৈধ আচরণ কূটনীতির সঙ্গে সাংঘর্ষিক। প্রেসিডেন্ট পেজেশকিয়ানও বলেছেন, ইরান কোনো চাপের মুখে মাথা নত করবে না এবং আস্থা না থাকলে আলোচনা অর্থহীন।

এছাড়া মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, হুমকির মুখে ইরান কোনো আলোচনায় বসবে না। তিনি বলেন, ‘যুদ্ধক্ষেত্রে আমরা নতুন চমক (কার্ড) দেখানোর জন্য প্রস্তুত হয়ে আছি।’

তিনি আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট আলোচনার টেবিলকে ‘আত্মসমর্পণের টেবিল’ বানাতে চাইছেন অথবা নতুন করে যুদ্ধ বাধানোর অজুহাত খুঁজছেন।

.