কুমিল্লাশুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আবারও মার্কিন গণমাধ্যমের ওপর ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ২১, ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনসহ বিভিন্ন গণমাধ্যমের সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। গত বছর ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের বোমা হামলার সংবাদ পরিবেশন নিয়ে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন।

স্থানীয় সময় সোমবার (২০ এপ্রিল) নিজের মালিকানাধীন সামাজিকমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প লিখেছেন, ‘অপারেশন মিডনাইট হ্যামারের মাধ্যমে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে। ফলে এগুলো পুনরুদ্ধার করা দীর্ঘ ও কঠিন প্রক্রিয়া হবে।’

তিনি আরও বলেন, ‘ভুয়া সংবাদ পরিবেশনকারী সিএনএন এবং অন্যান্য দুর্নীতিগ্রস্ত মিডিয়া নেটওয়ার্ক আমাদের সাহসী পাইলটদের প্রাপ্য সম্মান দিতে ব্যর্থ। তাদেরকে সবসময় ছোট করে দেখানোর চেষ্টা করে।’

এর কয়েক ঘণ্টা আগেই ট্রাম্প বলেছিলেন, তিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধে ‘অনেক ব্যবধানে’ জিতছেন। তবে নিউইয়র্ক টাইমস, ওয়াল স্ট্রিট জার্নাল এবং ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে এমনভাবে বিষয়টি উপস্থাপন করা হচ্ছে যেন যুক্তরাষ্ট্র যুদ্ধে হেরে যাচ্ছে।

ট্রুথ সোশ্যালে ট্রাম্প আরও লেখেন, ‘শত্রুরা বিভ্রান্ত হচ্ছে, কারণ তারা একই ধরনের মিডিয়া ‘রিপোর্ট’ পাচ্ছে। আমেরিকাবিরোধী ভুয়া সংবাদমাধ্যম ইরানের জয়ের পক্ষ নিচ্ছে, কিন্তু তা কখনোই ঘটবে না—কারণ আমি দায়িত্বে আছি!’

এর আগে গত ১০ এপ্রিল ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প লিখেছিলেন, ‘ব্যর্থ নিউ ইয়র্ক টাইমস, ফেক নিউজ সিএনএন এবং অন্যরা এখন কী করবে ভেবে পাচ্ছে না।’ তিনি দাবি করেন, এই সংবাদমাধ্যমগুলো মরিয়া হয়ে তার ইরান নীতির সমালোচনা করার জন্য কোনো একটা কারণ খুঁজছে; কিন্তু তারা তা খুঁজে পাচ্ছে না।

সংবাদমাধ্যমগুলোকে পরামর্শ দিয়ে ট্রাম্প আরও বলেন, তারা কি সঠিক সময়ে এ কথাটি বলতে পারে না যে—‘মি. প্রেসিডেন্ট, আপনি দারুণ কাজ করেছেন’? এটা বললে তো তারা তাদের হারানো বিশ্বাসযোগ্যতা ফিরে পেতে শুরু করবে।