জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সপ্তাহে দুই দিন হাইকোর্ট বিভাগের বিচারকাজ ভার্চুয়ালভাবে পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় প্রতি সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার তথ্যপ্রযুক্তির মাধ্যমে বিচারকার্য পরিচালিত হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০’ এবং সংশ্লিষ্ট নির্দেশনা অনুসরণ করে এ ব্যবস্থা কার্যকর করা হবে।
এদিকে দীর্ঘ অবকাশ শেষে একই দিন থেকে সুপ্রিম কোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী হাইকোর্ট বিভাগের জন্য ৬৩টি বেঞ্চ গঠন করেছেন, যার মধ্যে ২৯টি একক ও ৩৪টি দ্বৈত বেঞ্চ রয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগ একদিকে যেমন জ্বালানি সাশ্রয়ে সহায়ক হবে, তেমনি বিচারপ্রক্রিয়ায় প্রযুক্তির ব্যবহারও আরও বাড়াবে।












