কুমিল্লাবুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্রবীণ সাংবাদিকদের জন্য অবসর ভাতা চালুর উদ্যোগ

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ১৮, ২০২৬ ৩:০১ অপরাহ্ণ
Link Copied!

প্রবীণ সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে অবসর ভাতা চালুর উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শনিবার রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অসুস্থ সাংবাদিক ইসমাইল হোসেনকে দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে বিবেচনা করা হলেও এ খাতের কর্মীরা এখনও প্রাতিষ্ঠানিক সুরক্ষার বাইরে রয়েছেন। বিশেষ করে প্রবীণ সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা দীর্ঘদিন ধরে উপেক্ষিত ছিল, যা দূর করতে সরকার পদক্ষেপ নিচ্ছে।

তিনি আরও বলেন, সাংবাদিকতা সম্মানজনক পেশা হলেও জীবনের শেষ পর্যায়ে অনেকেই আর্থিক কষ্টে দিন কাটান। এ অবস্থা থেকে উত্তরণে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হচ্ছে, যাতে তারা মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারেন।

গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করতে নীতিমালা প্রণয়ন এবং সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কার্যক্রম জোরদারের কথাও উল্লেখ করেন মন্ত্রী।

এ সময় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে অসুস্থ সাংবাদিকের হাতে এক লাখ টাকার আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।