ঢাকা: অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিশ্বব্যাংক-আইএমএফের কাছে বর্তমান নির্বাচিত সরকারের রাষ্ট্র পরিচালনার দৃষ্টিভঙ্গি ও বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির বিষয়টি তুলে ধরেছেন।
এক বৈঠকে রাজস্ব আয় বৃদ্ধি ও ব্যাংক-আর্থিকখাতে সংস্কারের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।
দূতাবাস জানায়, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল আইএমএফের সঙ্গে দুটি বৈঠক করেছে।
প্রথম বৈঠকটি হয়েছে সকালে আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন ও তার টিমের সঙ্গে।
দ্বিতীয় বৈঠক হয়েছে বিকেলে আইএমএফের ডিএমডি নাইজেল ক্লার্ক ও তার টিমের সঙ্গে।দুটি বৈঠকই ইতিবাচক ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বর্তমান নির্বাচিত সরকারের রাষ্ট্র পরিচালনার দৃষ্টিভঙ্গি ও বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির বিষয়টি তুলে ধরেন।রাজস্ব আয় বৃদ্ধি ও ব্যাংক-আর্থিকখাতে সংস্কারের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।
অধিকাংশ বিষয়ে দুই পক্ষ একমত হয়েছে। দুই পক্ষই সম্মত হয়েছেন যে কিছু বিষয় নিয়ে আরও আলোচনা করতে হবে। বিশেষ করে সরাসরি জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সরকারের দৃঢ় অবস্থানের বিষয়টি তুলে ধরেছেন অর্থমন্ত্রী।
কিছু ক্ষেত্রে দুই পক্ষের মতামত এক রকম হয়নি। তবে দুই পক্ষই একমত হয়েছেন যে আলোচনা চলবে এবং আলোচনার মধ্য দিয়ে সব বিষয়ে একমত হওয়া সম্ভব হবে। আইএমএফ পরিষ্কার করে বলেছে, আইএমএফ বাংলাদেশের উন্নয়ন অংশীজন। গণতান্ত্রিকভাবে নির্বাচিত বর্তমান সরকারের সময়কালে উন্নয়নের অংশীজন হয়েই আইএমএফ বাংলাদেশের পাশে থাকতে চায়।
‘সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ’-এমন খবর সম্পূর্ণ অসত্য। আইএমএফ এমন কোনো সিদ্ধান্ত নেয়নি। এমনকি আইএমএফের সঙ্গে বৃহস্পতিবার কোনো বৈঠকও হয়নি, বৈঠক হয়েছে শুক্রবার।


.












