কুমিল্লাশুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চুক্তি না হলে ইরানে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের, বাড়ছে উত্তেজনা

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ১৮, ২০২৬ ১২:৩৩ অপরাহ্ণ
Link Copied!

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতি চুক্তি নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন না হলে আবারও ইরানে সামরিক হামলা শুরু হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যুদ্ধবিরতির মেয়াদ হয়তো আর বাড়ানো হবে না। একই সঙ্গে ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ট্রাম্পের ভাষ্য, চুক্তি না হলে একদিকে অবরোধ চলবে, অন্যদিকে যুক্তরাষ্ট্রকে পুনরায় সামরিক পদক্ষেপ নিতে হতে পারে।

দুই দেশের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ আগামী বুধবার শেষ হচ্ছে। এর মধ্যে সমঝোতায় পৌঁছাতে উভয় পক্ষ পরোক্ষ আলোচনায় যুক্ত রয়েছে। সোমবার পাকিস্তানে প্রতিনিধি পর্যায়ের বৈঠক হওয়ার সম্ভাবনাও রয়েছে বলে জানা গেছে।

তবে পরিস্থিতি এখনও অনিশ্চিত। হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রশ্নে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে মতবিরোধ তৈরি হয়েছে। তেহরান জানিয়েছে, শর্তসাপেক্ষে প্রণালিটি চালু রাখা হয়েছে এবং অবরোধ অব্যাহত থাকলে এটি আবার বন্ধ করে দেওয়া হতে পারে।

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফও সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল পুরোপুরি ইরানের অনুমতির ওপর নির্ভর করবে।

বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতির সময়সীমা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে কূটনৈতিক তৎপরতা বাড়লেও উত্তেজনা এখনও প্রশমিত হয়নি।