বগুড়ার শেরপুরে ডিজেলের কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত লাভের অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অবৈধভাবে মজুত রাখা বিপুল পরিমাণ ডিজেল জব্দ করে তা কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) বিকেলে উপজেলার রানীরহাট বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মেসার্স বিমল ট্রেডার্সের মালিক স্বপন চন্দ্র মন্ডলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান।
স্থানীয় সূত্রে জানা যায়, অনুমোদিত সীমার চেয়ে বেশি ডিজেল সংগ্রহ করে এর একটি অংশ গোপনে মজুত রাখা হয়েছিল। অভিযোগ রয়েছে, এই তেল বাজারে সরবরাহ না করে সংকট সৃষ্টি করে কৃষকদের কাছ থেকে বেশি দামে বিক্রি করা হচ্ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ২ হাজার ৫০০ লিটার ডিজেল জব্দ করা হয়। পরে প্রশাসনের তত্ত্বাবধানে তা কৃষকদের মাঝে সরকার নির্ধারিত দামে বিক্রি করা হয়।
স্থানীয় কৃষকরা জানান, তেলের সংকটে সেচ কার্যক্রম ব্যাহত হচ্ছিল। অভিযানের পর ন্যায্যমূল্যে ডিজেল পাওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেন।
প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতেও এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।












