রাজবাড়ীতে উদ্ভাবননির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা। বুধবার (১৫ এপ্রিল) সকালে অফিসার্স ক্লাব প্রাঙ্গণে জেলা প্রশাসনের আয়োজনে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা পারভীন।
উদ্বোধনের পর তিনি মেলায় অংশ নেওয়া শিক্ষার্থীদের বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং তাদের উদ্ভাবিত প্রকল্প সম্পর্কে খোঁজখবর নেন। এ বছর জেলার পাঁচটি উপজেলার ৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। মেলায় স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা পরিবেশবান্ধব প্রযুক্তি, রোবোটিকস, স্মার্ট কৃষি, নিরাপত্তা ব্যবস্থা, বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনসহ নানা উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে।
স্টলগুলোতে শিক্ষার্থীদের সৃজনশীলতা, প্রযুক্তিনির্ভর সমাধান এবং পরিবেশবান্ধব উদ্ভাবন দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। বিশেষ করে জ্বালানি সাশ্রয় ও আধুনিক ট্রাফিক সিগনাল সংক্রান্ত প্রকল্পগুলো প্রশংসা পায়।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদসহ স্থানীয় প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়, যেখানে বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক উন্নয়ন নিয়ে প্রবন্ধ উপস্থাপন করা হয়।
জেলা প্রশাসক বলেন, বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে বিজ্ঞান ও প্রযুক্তির বিকল্প নেই। শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও গবেষণায় উৎসাহিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।












