কুমিল্লার দাউদকান্দিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৬ জন।
আজ ভোররাত আনুমানিক ৩টা ১০ মিনিটের দিকে দাউদকান্দি থানার হাসানপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী চালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে পড়ে যায়। এ সময় ট্রাকের ওপর থাকা ১৩ জন যাত্রী ট্রাকের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই ৭ জন পুরুষের মৃত্যু হয় এবং আহত হন আরও ৬ জন।
খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজ চালায় এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। নিহতদের মরদেহ দাউদকান্দি হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এবং ফায়ার সার্ভিসের সহযোগীতায় দূর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
এই বিষয়ে দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ইকবাল বাহার সময় সংবাদকে জানান, ভোররাতে এই দূর্ঘটনা ঘটে। এতে ৭ জন নিহত হয়েছেন। নিহতদের স্বজনরা আসলে পরবর্তী আইনী পদক্ষেপ নেয়া হবে। দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।












