পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের সর্বশেষ বৈঠক কোনো চূড়ান্ত চুক্তি ছাড়াই শেষ হয়েছে। তবে আলোচনা পুরোপুরি ব্যর্থ হয়নি বলে জানিয়েছেন বিশ্লেষকরা, এবং উভয় পক্ষ ভবিষ্যতে আবারও বৈঠকে বসতে সম্মত হয়েছে।
পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম জিও নিউজের এক অনুষ্ঠানে বিশ্লেষক ও সাংবাদিক হামিদ মির জানান, দীর্ঘ আলোচনার পরও কিছু বিষয়ে অগ্রগতি হয়েছে এবং কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে উভয় পক্ষ নিজ নিজ নেতৃত্বের সঙ্গে পরামর্শ করবে।
তিনি বলেন, এক বা দুই বৈঠকে বড় সমাধান আশা করা যায় না, তাই আলোচনাকে পুরোপুরি ব্যর্থ বলা ঠিক হবে না। তার ভাষ্য অনুযায়ী, বৈঠকে কিছু বিষয়ে সমঝোতা হলেও তা এখনই প্রকাশ করা হয়নি।
সূত্রগুলো জানায়, আলোচনার এক পর্যায়ে মার্কিন ও ইরানি প্রতিনিধিদের মধ্যে বিভিন্ন ইস্যুতে প্রাথমিক ঐকমত্য গড়ে ওঠে, তবে চূড়ান্ত সিদ্ধান্তের আগে রাজনৈতিক নেতৃত্বের অনুমোদন প্রয়োজন।
ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, নিষেধাজ্ঞা শিথিলকরণ এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনায় অগ্রগতি হয়েছে বলেও ইঙ্গিত পাওয়া গেছে। তবে লেবানন ও হিজবুল্লাহ ইস্যুতে মতপার্থক্য স্পষ্ট রয়েছে।
হামিদ মির আরও জানান, দুই পক্ষই ভবিষ্যতে আবার বৈঠকে বসতে রাজি হয়েছে, তবে নতুন বৈঠকের সময় ও স্থান এখনো নির্ধারিত হয়নি।
এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনৈতিক সংলাপ অব্যাহত রাখার ইঙ্গিত দিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো নতুন ঘোষণা না এলেও পরোক্ষ যোগাযোগ চলছে বলে জানা গেছে।
বিশ্লেষকদের মতে, পাকিস্তানসহ কয়েকটি আঞ্চলিক দেশের মধ্যস্থতায় দুই সপ্তাহের যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়ে আলোচনা চলছে, যা পরিস্থিতিকে আরও স্থিতিশীল করার একটি সম্ভাবনা তৈরি করেছে।












