ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং অন্তত ৩৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে খাদে পড়ে যাওয়ায় হতাহতের সংখ্যা বেড়ে যায়।
সোমবার সকাল ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের বাবলাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ভাঙ্গা পৌরসভার কৈডুবী সদরদী গ্রামের জাহাঙ্গীর মোল্লা (৪০) ও আলমগীর শেখ (৪০)। জাহাঙ্গীর ঘটনাস্থলেই মারা যান, আর গুরুতর আহত আলমগীরকে ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার তৎপরতা চালান। আহতদের দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, ফরিদপুর থেকে মাদারীপুরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৪০ ফুট নিচে খাদে পড়ে যায়।
দুর্ঘটনার পর সড়ক থেকে পিকআপটি সরিয়ে নেওয়া হয়েছে এবং বর্তমানে ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।












