কুমিল্লাসোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হরমুজে কঠোর অবস্থানে ইরান, ‘নিয়ম না মানলে জাহাজ চলাচল বন্ধ’ সতর্কবার্তা

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ১৩, ২০২৬ ২:৪৫ অপরাহ্ণ
Link Copied!


পারস্য উপসাগর ও ওমান সাগরকে ঘিরে নিজেদের অবস্থান আরও কঠোর করেছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর সমন্বিত কমান্ড জানিয়েছে, এসব জলসীমায় ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে এবং নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানানো হয়, হরমুজ প্রণালির নিরাপত্তা রক্ষায় বিশেষ নজর দেওয়া হচ্ছে। ইরানের দাবি, তাদের স্বার্থের বিরুদ্ধে জড়িত কোনো জাহাজকে এই গুরুত্বপূর্ণ নৌপথ ব্যবহার করতে দেওয়া হবে না। তবে নির্ধারিত নিয়ম মেনে চললে অন্যান্য বাণিজ্যিক জাহাজ চলাচল করতে পারবে।

বিবৃতিতে আরও বলা হয়, দেশটির বিরুদ্ধে হুমকি এখনো পুরোপুরি দূর হয়নি। তাই হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে দীর্ঘমেয়াদি ও কঠোর ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা রয়েছে।

একই সঙ্গে যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞাকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে তা আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলেও মন্তব্য করেছে তেহরান।

ইরানের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, যদি তাদের বন্দরগুলোর নিরাপত্তা বিঘ্নিত হয়, তাহলে পারস্য উপসাগর ও ওমান সাগরের কোনো বন্দরই নিরাপদ থাকবে না—যা আঞ্চলিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে বলে বিশ্লেষকদের আশঙ্কা।