নোয়াখালীর সদর উপজেলায় চাঁদা দাবিকে কেন্দ্র করে এক বৃদ্ধকে পিটিয়ে ও সেতু থেকে খালে ফেলে হত্যার ঘটনায় প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত মো. লিটন চৌধুরীকে রোববার (১২ এপ্রিল) নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে শনিবার (১১ এপ্রিল) রাতে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গত ৭ এপ্রিল সকালে সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের ইসলামগঞ্জ মধ্য বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবদুল হাই (৭৫) নিজ জমিতে নির্মাণকাজ শুরু করলে লিটনের নেতৃত্বে কয়েকজন তার কাছে চাঁদা দাবি করে। তিনি রাজি না হওয়ায় হামলাকারীরা তার ওপর ও তার দুই ছেলের ওপর আক্রমণ চালায়।
একপর্যায়ে হামলাকারীরা তাকে গুরুতর মারধর করে পাশের একটি সেতু থেকে খালে ফেলে দেয়। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে ছয়জনকে আসামি করে সুধারাম মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, ঘটনার পর আত্মগোপনে থাকা লিটন চৌধুরীকে প্রযুক্তির সহায়তায় শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে। এছাড়া দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে সংগঠন থেকেও বহিষ্কার করা হয়েছে।












