রাজধানীর মোহাম্মদপুরে দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় কিশোর গ্যাং ‘এলেক্স গ্রুপ’-এর মূলহোতা ইমন ওরফে এলেক্স ইমনকে কুপিয়েছে প্রতিপক্ষরা। এ ঘটনায় দেশীয় অস্ত্রসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার বুদ্ধিজীবী সড়কের বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।
আরও জানা যায়, এলেক্স ইমন গ্রুপ ও আরমান শাহরুখ গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে। এতে এলেক্স ইমন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থল থেকে মো. সাইফ (২৩), তুহিন (২০) ও মো. রাব্বি কাজী (২৫) নামে তিন জনকে ধরেছে পুলিশ। তাদের কাছ থেকে তিনটি চাপাতি, একটি কাটার ও একটি স্টিলের পাত উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মোহাম্মদপুর বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা সাংবাদিকদের বলেন, কুখ্যাত কিশোর গ্যাং ‘এলেক্স গ্রুপ’-এর মূলহোতা ইমন ওরফে এলেক্স ইমনকে প্রতিপক্ষ গ্রুপ কুপিয়েছে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে ৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে।


কুমিল্লা প্রেস সংবাদ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করে কুমিল্লা প্রেসের সাথেই থাকুন।











