আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা অঞ্চলের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন নাঈমা খন্দকার।
তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেনের পুত্রবধূ এবং খন্দকার মাহবুবের সহধর্মিণী। দলীয় পরিবারে বেড়ে ওঠা নাঈমা খন্দকারের মনোনয়ন প্রত্যাশা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
মনোনয়ন ফর্ম সংগ্রহের পর তিনি জানান, নতুন প্রজন্ম ও ত্যাগী নেতাকর্মীদের সমন্বয়ে একটি আধুনিক ও উন্নত বাংলাদেশ গড়তে সংসদে অংশগ্রহণের সুযোগ পাওয়া প্রয়োজন।
বর্তমানে তিনি বিএনপির সহযোগী সংগঠন ‘নারী ও শিশু অধিকার ফোরাম’-এর সঙ্গে যুক্ত থেকে নারী অধিকার ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন।
দলীয় সূত্র জানায়, সংরক্ষিত নারী আসনের জন্য সম্ভাব্য প্রার্থী বাছাইয়ে বিএনপি নতুন ও অভিজ্ঞ নেতৃত্বের সমন্বয়ের দিকে গুরুত্ব দিচ্ছে। কুমিল্লা অঞ্চলে নাঈমা খন্দকারের মনোনয়ন সংগ্রহ সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখা হচ্ছে।












