সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় ভারতের অভ্যন্তরে খাসিয়া সম্প্রদায়ের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে সীমান্ত থেকে প্রায় এক কিলোমিটার ভেতরে একটি সুপারি বাগানে এ ঘটনা ঘটে।
শুক্রবার দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সালেহ আহমেদ আরও দুই সহযোগীকে নিয়ে মাদকের চালান আনার উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। তারা চংকেটের বাগান ও মারকানের বাগানের মধ্যবর্তী এলাকায় অবস্থান করছিলেন।
এ সময় ভারতীয় খাসিয়া সম্প্রদায়ের লোকজন তাদের ‘সুপারি চোর’ সন্দেহে ছররা বন্দুক দিয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে সালেহ আহমেদ জয়ধর গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
নিহতের সঙ্গে থাকা নাজিরগাঁও গ্রামের মো. সুমন মিয়া এবং কারবালারটুক গ্রামের মো. মাসুম আহমেদ মরদেহটি বহন করে বাংলাদেশে নিয়ে আসেন।
বিজিবি আরও জানিয়েছে, ওই তিনজনই এর আগে সীমান্ত দিয়ে অবৈধভাবে পণ্য আনা-নেওয়ার সঙ্গে জড়িত ছিলেন।


কুমিল্লা প্রেস সংবাদ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করে কুমিল্লা প্রেসের সাথেই থাকুন।












