জাতীয় সংসদের দর্শনার্থী গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য আসন সংখ্যা বাড়িয়ে ১৫০ করা হয়েছে। এতে আরও বেশি শিক্ষার্থী সংসদের কার্যক্রম সরাসরি দেখার সুযোগ পাবে এবং গণতান্ত্রিক চর্চা সম্পর্কে ধারণা লাভ করবে।
জাতীয় সংসদ গ্যালারিতে অনুর্ধ্ব ১২ বছরের শিক্ষার্থীদের জন্য ৫০টি আসন রয়েছে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের আবেদনের প্রেক্ষিতে দর্শনার্থী গ্যালারিতে আরও ১০০ আসন শিক্ষার্থীদের বরাদ্দ দেওয়ার ব্যবস্থা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সংসদে দর্শনার্থী গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য আসন বরাদ্দ বাড়াতে শিক্ষামন্ত্রী স্পিকারের কাছে লিখিত আবেদন জানান। স্পিকার সে আবেদন মঞ্জুর করেছেন। এখন থেকে আরও বেশি শিক্ষার্থীরা সংসদের কার্যক্রম সরাসরি দেখার সুযোগ পাবেন যা ভবিষ্যৎ প্রজন্মকে সংসদীয় ও গণতান্ত্রিক চর্চার রীতির সাথে পরিচিত করাবে।
এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিক্ষার্থীদের নিয়ে নৌবিহারে যেতেন যাতে তারা রাষ্ট্রের সম্পদ ও সম্ভাবনা সম্পর্কে জ্ঞান লাভ করতে পারে। শিক্ষামন্ত্রী হিসেবে আমিও চাই জেন-জিরা রাষ্ট্র সম্পর্কে জানুক, রাজনীতি সচেতন হোক।’
এ বিষয়ে শিক্ষামন্ত্রী জাতীয় সংসদের সচিব মো. গোলাম সারওয়ার ভূঁইয়ার সাথে আলাপ করতে গেলে তিনি এ উদ্যোগকে স্বাগত জানান। তিনি জানান, শিক্ষার্থীরা সংসদে আসলে অধিবেশন চালুর পূর্বে সংসদ নিয়ে বিস্তারিত অবহিত করা হবে। এতে তারা দেশের সংসদের স্থাপত্য শৈলী, ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে শিক্ষা লাভ করতে পারবে।


কুমিল্লা প্রেস সংবাদ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করে কুমিল্লা প্রেসের সাথেই থাকুন।












