ইরানের সঙ্গে ভঙ্গুর যুদ্ধবিরতি যেন ভেস্তে না যায় সেজন্য দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে লেবাননে হামলা কমানোর নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গতকাল বুধবার টেলিফোনে নেতানিয়াহুকে ট্রাম্প এ নির্দেশ দেন বলে জানিয়েছেন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তারা। তারা সংবাদমাধ্যম এনবিসি নিউজকে বলেছেন, নেতানিয়াহু প্রকাশ্যে লেবাননে হামলা অব্যাহত রাখার ঘোষণা দেওয়ার কিছুক্ষণ পর ট্রাম্প তাকে ফোন করেন।
এরআগে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেন, ইরানের সঙ্গে আলোচনার খাতিরে ইসরায়েল লেবানন নিয়ে ভাবার বিষয়ে সম্মত হয়েছে।
এর আগে গতকাল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি হয়। এই যুদ্ধবিরতিতে লেবাননকে অন্তর্ভুক্ত করার পরও দখলদার ইসরায়েল দেশটিতে ব্যাপক হামলা চালায়। এতে দুইশরও বেশি মানুষ নিহত ও এক হাজারের বেশি মানুষ আহত হন।
লেবাননের সঙ্গে সরাসরি আলোচনা করবে ইসরায়েল
সশস্ত্র গোষ্ঠ হিজবুল্লাহকে নিরস্ত্রকরণ ও লেবাননের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক করতে দেশটির সঙ্গে সরাসরি আলোচনা করবে দখলদার ইসরায়েল। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বৃহস্পতিবার (৯ এপ্রিল) তার মন্ত্রিসভাকে যত দ্রুত সম্ভব লেবাননের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করতে নির্দেশ দিয়েছেন।
এক বিবৃতিতে যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু বলেছেন, “লেবাননের পক্ষ থেকে সরাসরি আলোচনা শুরু করার বারবার অনুরোধের প্রেক্ষিতে, আমি গতকালই মন্ত্রিসভাকে যত দ্রুত সম্ভব লেবাননের সাথে সরাসরি আলোচনা শুরু করার নির্দেশ দিয়েছি।”
এ দখলদার বলেছেন, তাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে হিজবুল্লাহকে নিরস্ত্র করা এবং লেবাননের সঙ্গে ইসরায়েলের শান্তিপূর্ণ সম্পর্ক স্থাপন করা।
লেবাননের প্রধানমন্ত্রী আজ ঘোষণা দিয়েছেন রাজধানী বৈরুতকে নিরস্ত্র করা হবে। অর্থাৎ সরকারি বাহিনী ছাড়া সবার থেকে অস্ত্র জব্দ করা হবে। তার এ ঘোষণাকে স্বাগত জানিয়েছেন নেতানিয়াহু।














