কুমিল্লা নগরীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে স্বামী-স্ত্রীসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১১৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩ লাখ ৩১ হাজার ৪০০ টাকা জব্দ করা হয়।
বুধবার (৮ এপ্রিল) রাতে কোতয়ালী মডেল থানার শাসনগাছা রেলগেট সংলগ্ন পশ্চিম রেইসকোর্স এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
বৃ্হস্পতিবার বিকেলে সকল আইনী প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন—স্বপ্না বেগম (৩১) এবং তার স্বামী জুবায়ের হোসেন জুয়েল (৩৩)। এর মধ্যে জুবায়ের হোসেন জুয়েল একটি মাদক মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী।
পুলিশ জানায়, অভিযানের সময় আসামীদের বসতঘরের একটি ভাঙা চেয়ারের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১১৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির নগদ ৩ লাখ ৩১ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়। পরে উপস্থিত লোকজনের সামনে সেগুলো জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, তারা ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্প মূল্যে ইয়াবা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে অধিক মূল্যে বিক্রির উদ্দেশ্যে মজুদ করে আসছিলেন।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।














