কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার প্রবাসী শাহ আলম ভূঁইয়ার মরদেহ পৌঁছেছে নিজ গ্রামে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে তার মরদেহ সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন গ্রামে পৌঁছালে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। স্বজনদের আহাজারি আর কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা।
নিহত শাহ আলম ভূঁইয়া (৪৫) ওই গ্রামের মৃত হানিফ ভূঁইয়ার ছেলে। তিনি চার সন্তানের জনক।
পরিবার সূত্রে জানা গেছে, ২০১৩ সালে জীবিকার সন্ধানে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমান শাহ আলম। দীর্ঘ প্রবাসজীবনে পরিবারের আর্থিক অবস্থার উন্নতি ঘটালেও শেষ পর্যন্ত আর জীবিত ফেরা হলো না তার। সর্বশেষ ২০২৫ সালে দেশে এসে তিন মাসের ছুটি কাটিয়ে আবার কর্মস্থলে ফিরে যান তিনি।
গত ১ এপ্রিল সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ অঞ্চলে একটি ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ তার কর্মস্থলে এসে পড়ে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
শাহ আলমের মৃত্যুর খবরে পরিবারে নেমে আসে শোকের ছায়া। তার স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। এছাড়া পুরো এলাকাজুড়েই চলছে শোকের মাতম।
পরে জানাযা শেষে তাকে নিজ এলাকায় দাফন করা হয়।














