বগুড়া জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রাফিয়া সুলতানা মারা গেছেন।
বুধবার (৮ এপ্রিল) রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপি বগুড়া জেলা কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এম এস এ মাহমুদ।
তিনি জানান, বুধবার রাত ১০টার দিকে অসুস্থ অনুভব করলে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানেই রাত ৩টার দিকে তার মৃত্যু হয়। তিনি স্বামী ও দুই কন্যাসন্তান রেখে গেছেন। রাফিয়া সুলতানার জানাজা আসরের নামাজের পর বগুড়ার গাবতলী উপজেলার আটবাড়িয়া পীরগাছা এলাকায় তার বাবার বাড়িতে অনুষ্ঠিত হবে। এ ছাড়া বগুড়া জেলা এনসিপির কার্যালয়ে বাদ এশা তার রুহের মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন করা হয়েছে।
রাফিয়া সুলতানা ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল ছাত্র সংসদ নির্বাচনে নুর-রাশেদ-ফারুক প্যানেল থেকে সহসভাপতি (ভিপি) পদে প্রার্থী হয়েছিলেন। এ ছাড়া ২০২৪ সালের আন্দোলনেও তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টির রাজনীতিতে যুক্ত হয়ে বগুড়া জেলায় সংগঠনের দায়িত্ব পালন করছিলেন।


.












