কুমিল্লাবৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঢাকায় আংশিক অনলাইন-অফলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত, পরীক্ষামূলক উদ্যোগ শুরু

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ৯, ২০২৬ ২:২১ অপরাহ্ণ
Link Copied!

জ্বালানি সংকট, তীব্র যানজট এবং প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে রাজধানীর কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে আংশিক অনলাইন ও অফলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষামূলকভাবে সপ্তাহে তিন দিন সশরীরে ক্লাস এবং বাকি দিনগুলোতে অনলাইনে পাঠদান কার্যক্রম পরিচালিত হবে।

বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান।

তিনি বলেন, নতুন এই ব্যবস্থায় শনিবার, সোমবার ও বুধবার শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে উপস্থিত হয়ে ক্লাস করবে। অন্য দিনগুলোতে অনলাইন ক্লাস অনুষ্ঠিত হবে, যেখানে শিক্ষকরা শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত থেকেই পাঠদান পরিচালনা করবেন। শুক্রবার সাপ্তাহিক ছুটি হিসেবে বহাল থাকবে।

শিক্ষামন্ত্রী আরও জানান, আগামী সপ্তাহ থেকে এ কার্যক্রম শুরু হবে। প্রাথমিকভাবে ঢাকা মহানগরের যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী সংখ্যা বেশি, সেসব প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দিয়ে এই পদ্ধতি চালু করা হবে।

তবে এটি বাধ্যতামূলক নয় উল্লেখ করে তিনি বলেন, যেসব প্রতিষ্ঠান প্রয়োজনীয় প্রস্তুতি ও সক্ষমতা রাখে, তারাই এই পদ্ধতি অনুসরণ করবে। শিক্ষাব্যবস্থায় কোনো ধরনের বিঘ্ন বা অস্থিরতা তৈরি হয়—এমন সিদ্ধান্ত নেওয়া হবে না বলেও আশ্বস্ত করেন তিনি।

কুমিল্লা প্রেস সংবাদ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করে কুমিল্লা প্রেসের সাথেই থাকুন।