বাংলাদেশে ব্যবসা পরিচালনা এখনো কঠিন—এমন মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। তবে তিনি মনে করেন, বৈশ্বিক পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণের সামনে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।
চ্যানেল ২৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বড় জনসংখ্যা ও ক্রমবর্ধমান ক্রয়ক্ষমতার কারণে বাংলাদেশ একটি সম্ভাবনাময় বাজার হলেও বিনিয়োগ পরিবেশের সীমাবদ্ধতা এই সম্ভাবনাকে বাধাগ্রস্ত করছে।
রাষ্ট্রদূত উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই বিভিন্ন প্রতিবেদনে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশের চ্যালেঞ্জগুলো তুলে ধরে আসছে। ব্যবসা-বান্ধব পরিবেশ গড়ে তুলতে এখনো অনেক কাজ বাকি রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, নতুন সরকার ঘোষিত সংস্কার উদ্যোগগুলো বাস্তবায়ন করতে পারলে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে। একই সঙ্গে এতে বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং বাণিজ্য সম্প্রসারণের সুযোগ বাড়বে।
সরকারের সদিচ্ছার কথা উল্লেখ করে তিনি বলেন, নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনায় ইতিবাচক মনোভাব দেখা গেলেও বিনিয়োগকারীরা এখন বাস্তব পদক্ষেপ দেখতে চান। সংসদের কার্যক্রম শুরু হওয়ায় গুরুত্বপূর্ণ এসব বিষয়ে দৃশ্যমান অগ্রগতি হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
কুমিল্লা প্রেস সংবাদ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করে কুমিল্লা প্রেসের সাথেই থাকুন।














