ইরানকে ঘিরে চলমান সংঘাতের মধ্যে দেশটির ভেতরে ১৩ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মঙ্গলবার (৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানায় যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
সেন্টকম জানায়, গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত ইরানের অন্তত ১৫৫টি জাহাজ ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। ‘অপারেশন এপিক ফিউরি’ নামের এই অভিযানে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি) সদর দপ্তর, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং নৌবাহিনীর জাহাজ ও সাবমেরিনকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী ঘিরে নতুন করে হুমকি দিয়েছেন। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে ইরান যদি প্রণালীতে অবাধ নৌচলাচলের অনুমতি না দেয়, তাহলে দেশটির বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হতে পারে।
অন্যদিকে ইসরাইলি বাহিনীও জানিয়েছে, তারা তেহরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার একটি ধাপ সম্পন্ন করেছে। এসব হামলায় হিজবুল্লাহ সংশ্লিষ্ট বলে দাবি করা কয়েকজনকে নিহত করা হয়েছে বলে জানানো হয়।
এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, সংঘাত শুরুর পর থেকে ইরানে তিন হাজার পাঁচশোর বেশি মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বেসামরিক নাগরিক রয়েছেন, যা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।
কুমিল্লা প্রেস সংবাদ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করে কুমিল্লা প্রেসের সাথেই থাকুন।














