ভোলায় গ্রেপ্তারের পর জামিনে মুক্তি পেয়ে নিজের ভোগান্তির কথা জানিয়েছেন জামায়াতে ইসলামীর নারী কর্মী বিবি সাওদা (৩৭), যিনি সাওদা সুমি নামেও পরিচিত। তিনি অভিযোগ করেন, অসুস্থ দুই সন্তানকে রেখে তাকে দুই রাত কারাগারে কাটাতে হয়েছে এবং এই সময়ে তিনি না খেয়ে, না ঘুমিয়ে কঠিন সময় পার করেছেন।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে ভোলা সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করলে তিনি কারামুক্ত হন।
মুক্তির পর সাওদা সুমি বলেন, ভবিষ্যতে যেন তাকে ও তার মতো অন্যদের মতামত প্রকাশের সুযোগ দেওয়া হয়। তিনি দাবি করেন, ব্যক্তিগত মত প্রকাশের কারণে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে এবং তিনি দেশ ও জনগণের স্বার্থে নিজের অবস্থান তুলে ধরতে চেয়েছেন।
তিনি আরও বলেন, অতীত আন্দোলনের ত্যাগ যেন বৃথা না যায় এবং নাগরিকদের মতপ্রকাশের অধিকার নিশ্চিত করা জরুরি।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইলিয়াস সুমন জানান, গত রোববার (৫ এপ্রিল) রাতে ভোলা পৌরসভার একটি বাসা থেকে তাকে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশ। পরে দণ্ডবিধির ৫৪ ধারায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
মঙ্গলবার সকালে প্রায় এক ঘণ্টার শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন বলে জানান তিনি।
উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারবিরোধী পোস্ট দেওয়ার অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল।
কুমিল্লা প্রেস সংবাদ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করে কুমিল্লা প্রেসের সাথেই থাকুন।














