কুমিল্লামঙ্গলবার, ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইরানে হামলার হুমকি যুদ্ধাপরাধ হতে পারে: ট্রাম্পকে সতর্ক করল ইইউ

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ৭, ২০২৬ ৩:৩০ অপরাহ্ণ
Link Copied!


ইরানের বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলার হুমকিকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল বলে সতর্ক করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ ধরনের পদক্ষেপ যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা।

সোমবার (৬ এপ্রিল) এক বিবৃতিতে কস্তা বলেন, জ্বালানি স্থাপনাসহ বেসামরিক অবকাঠামোতে হামলা আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি উল্লেখ করেন, এই নীতি বিশ্বের সব সংঘাতের ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য।

তিনি আরও বলেন, ইরানের সাধারণ জনগণই চলমান পরিস্থিতিতে সবচেয়ে বেশি ভুক্তভোগী। সংঘাত আরও বিস্তৃত হলে তাদের দুর্ভোগ বাড়বে। তাই মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার একমাত্র সমাধান কূটনৈতিক উদ্যোগেই সম্ভব বলে মনে করে ইইউ।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি দেন। একই সঙ্গে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জানিয়ে তা না হলে কঠোর পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দেন তিনি।

এদিকে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা বলছেন, বেসামরিক স্থাপনায় ইচ্ছাকৃত হামলা আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ। যদিও হোয়াইট হাউস জানিয়েছে, যুক্তরাষ্ট্র সবসময় আইনের সীমার মধ্যেই কাজ করবে।

উত্তেজনা প্রশমনে কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে ইউরোপীয় নেতারা ইতোমধ্যে ইরানসহ সংশ্লিষ্ট বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন।

কুমিল্লা প্রেস সংবাদ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করে কুমিল্লা প্রেসের সাথেই থাকুন।