কুমিল্লামঙ্গলবার, ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পাইলট উদ্ধার অভিযানকালে মার্কিন হামলায় চার ইরানি সেনা কর্মকর্তা নিহত

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ৭, ২০২৬ ২:২৫ অপরাহ্ণ
Link Copied!

ইরান জানিয়েছে, গত রোববার (৫ এপ্রিল) ইসফাহান প্রদেশের দক্ষিণে যুক্তরাষ্ট্রের নিখোঁজ পাইলটের উদ্ধার অভিযানের সময় তাদের চারজন সেনা কর্মকর্তা নিহত হয়েছেন।

ইরানি সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ সোমবার (৬ এপ্রিল) এক বিবৃতিতে জানায়, রোববার ভোরে ‘একাধিক মার্কিন আক্রমণকারী বিমান’ ইসফাহান প্রদেশে হামলা চালালে এই চার কর্মকর্তা নিহত হন।

বিবৃতিতে বলা হয়, ওই কর্মকর্তারা ‘শত্রুপক্ষের যুদ্ধবিমান, হেলিকপ্টার, সশস্ত্র ড্রোন এবং সহায়ক বিমান’-এর বিরুদ্ধে সরাসরি যুদ্ধে অংশ নিয়েছিলেন।

এছাড়া বলা হয়, একটি কাঁধ থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র একটি মার্কিন বিমানকে আঘাত করে। এরপর ওই ইউনিটটিকে অন্য বিমানগুলো লক্ষ্য করে হামলা চালায়, যার ফলে চার কর্মকর্তা নিহত হন।

ইরান তাদের নিহত কর্মকর্তাদের পরিচয় ও পদমর্যাদাও জানিয়েছে—তাদের মধ্যে ছিলেন একজন ব্রিগেডিয়ার জেনারেল, একজন কর্নেল, একজন লেফটেন্যান্ট কর্নেল এবং একজন ফার্স্ট লেফটেন্যান্ট।

গত ৩ এপ্রিল ইসফাহানের কাছে মধ্য ইরানের আকাশে একটি মার্কিন যুদ্ধবিমান এফ-১৫ ই ভূপাতিত হয়। মার্কিন কর্মকর্তাদের দাবি, তারা দুজন পাইলটকে উদ্ধার করেছে। কিন্তু ইরান বলেছে, ওই অভিযানে আরও চারটি মার্কিন বিমান ও হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে—দুটি সি-১৩০ হারকিউলিস পরিবহন বিমান এবং দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার।

কিছু গণমাধ্যমে বলা হয়েছে, মার্কিন উদ্ধার অভিযান আসলে একটি ‘প্রতারণামূলক অভিযান’ ছিল, যার লক্ষ্য ছিল ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত চুরি করা। 

.