দেশে জ্বালানি সংকট অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, শিল্প ও বিনিয়োগ টিকিয়ে রাখতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।
শনিবার (৪ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা কাউন্সিলের প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। বৈঠকটি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অর্থমন্ত্রী জানান, ব্যবসায়ীরা জ্বালানি সংকট নিরসনের পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে সরকারি সহায়তা চেয়েছেন। বিশেষ করে সৌরবিদ্যুৎ ব্যবহারে নীতিগত সুবিধা দেওয়ার বিষয়টি গুরুত্ব পেয়েছে।
এছাড়া বিদেশি বিনিয়োগ বাড়াতে ই-ভিসা চালু এবং বিমানবন্দরে হয়রানি কমানোর দাবিও তোলেন উদ্যোক্তারা। ব্যাংক ঋণের সুদহার হ্রাস, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কার এবং করের আওতা বাড়ানোর প্রস্তাবও উঠে আসে আলোচনায়।
মাঝারি উদ্যোক্তাদের রপ্তানিতে উৎসাহ দিতে লাইসেন্স প্রক্রিয়া সহজীকরণ এবং বাণিজ্য গতিশীল করতে গভীর সমুদ্রবন্দর চালুর ওপর জোর দেন ব্যবসায়ী নেতারা।
অর্থমন্ত্রী বলেন, ব্যবসায়ীদের নানা সমস্যা সরাসরি শুনতেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে। তাদের বক্তব্য নথিভুক্ত করা হয়েছে এবং আলোচনার মাধ্যমে ধাপে ধাপে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
সরকার ও বেসরকারি খাতের মধ্যে এই বৈঠককে নতুন সংলাপের সূচনা হিসেবে দেখা হচ্ছে। এতে অর্থমন্ত্রী, বাণিজ্যমন্ত্রীসহ বিভিন্ন শিল্পখাতের শীর্ষ উদ্যোক্তারা অংশ নেন।
কুমিল্লা প্রেস সংবাদ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করে কুমিল্লা প্রেসের সাথেই থাকুন।














