রাজধানীর আগারগাঁও এলাকায় দুই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২৯৬ লিটার জ্বালানি তেল জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে র্যাব-২ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. শামসুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে জ্বালানি তেলের কৃত্রিম সংকটকে পুঁজি করে একটি অসাধু চক্র সক্রিয় হয়ে উঠেছে। অধিক মুনাফার আশায় কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করছে।ফিলিং স্টেশনগুলোতে সরবরাহ নেই বলে ভোক্তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে, অন্যদিকে খোলা বাজারে বেশি দামে তেল বিক্রি করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগর থানার আগারগাঁও এলাকায় দুটি প্রতিষ্ঠানে অভিযান চালায় র্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ১৫৮ লিটার অকটেন ও ১৩৮ লিটার ডিজেলসহ মোট ২৯৬ লিটার জ্বালানি তেল মজুত অবস্থায় জব্দ করা হয়।
পরে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিষ্ঠান দুটির মালিককে দোষী সাব্যস্ত করেন।স্বীকারোক্তির ভিত্তিতে তাদের সর্বমোট দুই হাজার টাকা জরিমানা করা হয় এবং সতর্কতামূলক নির্দেশনা দেওয়া হয়।
জ্বালানি সংকট নিরসনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।











