চলমান সংঘাতের প্রভাবে বৈশ্বিক জ্বালানি সংকটের আশঙ্কায় দেশে জ্বালানি সাশ্রয়ে একাধিক পদক্ষেপ বিবেচনা করছে সরকার। সাপ্তাহিক ছুটি বাড়ানো, সরকারি কর্মকর্তাদের আংশিক ‘ওয়ার্ক ফ্রম হোম’ চালু এবং অফিস সময়সূচিতে পরিবর্তনের বিষয়গুলো আলোচনায় রয়েছে।
মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানান, জ্বালানি ব্যবহার কমাতে অন্তত আটটি প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। এর মধ্যে সপ্তাহে অতিরিক্ত একদিন ছুটি যোগ করা বা কর্মকর্তাদের দুই দিন ঘরে বসে কাজের সুযোগ দেওয়ার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। পাশাপাশি অফিস সময় এগিয়ে আনা বা দৈনিক কাজের সময় কমানোর প্রস্তাবও রয়েছে।
বিদ্যুৎ সাশ্রয়ের অংশ হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আংশিক অনলাইন ক্লাস চালুর বিষয়টিও বিবেচনায় আছে। বিশেষ করে মহানগর এলাকায় সপ্তাহের কিছুদিন অনলাইনে পাঠদান চালুর পরিকল্পনা করা হচ্ছে।
তবে এসব বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আগামী ২ এপ্রিল মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
শিক্ষামন্ত্রী জানিয়েছেন, জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দেশের শিক্ষা ব্যবস্থায় অনলাইন ও সশরীরে ক্লাসের সমন্বিত পদ্ধতি চালুর চিন্তাভাবনা করছে সরকার।












