প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির কাতারের রাজধানী দোহায় দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখির সঙ্গে বৈঠক করেছেন।
সোমবার অনুষ্ঠিত এ সাক্ষাতে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে একটি সংহতিপত্র হস্তান্তর করেন। বিশেষ দূত হিসেবে উপদেষ্টা রোববার দোহায় পৌঁছান।
বার্তায় উপসাগরীয় অঞ্চলের বর্তমান পরিস্থিতিতে কাতারের নেতৃত্ব ও জনগণের প্রতি বাংলাদেশের সংহতি জানানো হয়। একই সঙ্গে কাতারে অবস্থানরত প্রায় সাড়ে চার লাখ বাংলাদেশির নিরাপত্তা ও কল্যাণে গৃহীত পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, আঞ্চলিক শান্তি ও সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। কাতারের গঠনমূলক কূটনৈতিক ভূমিকার প্রশংসা করেন পররাষ্ট্র উপদেষ্টা।
সফরকালে তিনি কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গেও বৈঠক করেন এবং সাম্প্রতিক দুর্ঘটনায় নিহতের ঘটনায় সমবেদনা জানান। পাশাপাশি দোহাস্থ বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করে প্রবাসীদের কল্যাণ ও বিভিন্ন সহযোগিতামূলক বিষয় পর্যালোচনা করেন।
এ সফরের মাধ্যমে বাংলাদেশ-কাতার সম্পর্ক আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।


.
কুমিল্লা প্রেস সংবাদ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করে কুমিল্লা প্রেসের সাথেই থাকুন।












