কুমিল্লাসোমবার, ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঈদযাত্রায় ৩৭৭ দুর্ঘটনা, প্রাণহানি ৩৯৪

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ৩০, ২০২৬ ৩:৫৪ অপরাহ্ণ
Link Copied!

এবারের ঈদযাত্রায় দেশের সড়ক, রেল ও নৌপথে ৩৭৭টি দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩৯৪ জন। আর আহত হয়েছেন এক হাজার ২৮৮ জন। এর মধ্যে শুধু সড়কেই ৩৪৬টি দুর্ঘটনায় ঝরেছে ৩৫১ প্রাণ।

সোমবার (৩০ মার্চ) বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই প্রতিবেদন প্রকাশ করা হয়।

সংবাদ সম্মেলনে প্রতিবেদনের তথ্য উপস্থাপন করেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব বলেন, ঈদযাত্রা শুরুর দিন ১৪ মার্চ থেকে ঈদযাত্রার শেষে কর্মস্থলে ফেরা ২৮ মার্চ পর্যন্ত ১৫ দিনে ৩৪৬টি সড়ক দুর্ঘটনায় ৩৫১ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ১ হাজার ৪৬ জন।

মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, একই সময়ে রেলপথে ২৩টি দুর্ঘটনায় ৩৫ জন নিহত ও ২২৩ জন আহত হয়েছেন। নৌপথে ৮টি দুর্ঘটনায় ৮ নিহত ও ১৯ জন আহত এবং ৩ জন নিখোঁজ হয়েছেন। ফলে সব পথ মিলে মোট ৩৭৭টি দুর্ঘটনায় ৩৯৪ জন নিহত ও ১ হাজার ২৮৮ জন আহত হয়েছেন।

‘চলমান ইরান-ইসরাইল–যুক্তরাষ্ট্রের যুদ্ধে গত ১৫ দিনে হতাহত বিশ্লেষণ করলে বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা অনেক বেশি। বিগত বছরের সঙ্গে তুলনা করলে এবারের ঈদে সড়ক দুর্ঘটনা ৮ দমশিক ৯৫ শতাংশ, প্রাণহানি ৮ দশমিক ২৬ শতাংশ ও আহত ২১ শতাংশ বেড়েছে’, যোগ করেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব। 

.