মাদারীপুর: মাদারীপুরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সংঘর্ষ চলাকালে শতাধিক ককটেল বিস্ফোরণ, বাড়িঘর ভাঙচুর এবং হামলার ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন।
রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় পৌর শহরের থানতলী এলাকায় সংঘর্ষের সূচনা হয়, যা রাতভর চলতে থাকে এবং সোমবার ভোররাতেও নতুন করে সহিংসতায় রূপ নেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৮ মার্চ) দুপুরে শহরের প্লানেট কমিউনিটি সেন্টারে একটি বিয়ের অনুষ্ঠানে চেয়ার নিয়ে বসাকে কেন্দ্র করে থানতলী এলাকার আকিব এবং পাকদী এলাকার মঈন মুন্সির মধ্যে বাগ্বিতণ্ডা হয়।
পরে উপস্থিত অতিথিরা বিষয়টি মীমাংসা করলেও এর জের ধরে পরদিন সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ।
রোববার সন্ধ্যায় শুরু হওয়া সংঘর্ষে একের পর এক ককটেল বিস্ফোরণে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাত ৯টার দিকে আবারও সংঘর্ষ শুরু হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তবে পরিস্থিতি পুরোপুরি শান্ত হওয়ার আগেই সোমবার ভোররাতে আবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় পাকদী এলাকায় অতর্কিত হামলা চালিয়ে অন্তত ১৫টি বসতঘর ভাঙচুর করা হয়।
এ ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল জোরদার করা হয়েছে।
তিনি আরও জানান, সংঘর্ষে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।


.











