পবিত্র রমজান ও ঈদুল ফিতরের ছুটি শেষে রোববার থেকে দেশের প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে। টানা ছুটি শেষে আবারও শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠবে স্কুল-কলেজগুলো।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং নিয়মিত তদারকি নিশ্চিত করতে একটি বিশেষ আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করেছে সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে কমিটির আহ্বায়ক করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের এক নির্দেশনায় বলা হয়েছে, ক্লাস শুরু হওয়ার আগেই সব প্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হবে। পাশাপাশি নিয়মিত তদারকি জোরদার, সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং শিক্ষার্থী-শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে বলা হয়েছে।
এছাড়া প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি ও বাগান পরিচর্যার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। শিক্ষার্থীদের ব্যক্তিগত ও পরিবেশগত পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্যও নিয়মিত কার্যক্রম চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।












