মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ওমান উপকূলে অবস্থানরত যুক্তরাষ্ট্রের একটি সামরিক লজিস্টিক জাহাজে হামলার দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি) শনিবার এ তথ্য জানায়।
ইরানের সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি এক বিবৃতিতে বলেন, ওমানের সালালাহ বন্দর থেকে দূরে থাকা একটি মার্কিন-সহায়ক জাহাজকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। তবে হামলার সময় ওমানের সার্বভৌমত্ব লঙ্ঘন করা হয়নি বলেও দাবি করেছে তেহরান।
এদিকে একই দিনে ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দেশটির দাবি, আশদোদ শহরের জ্বালানি ডিপো, মোদিন এলাকার সামরিক স্থাপনা এবং যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট একটি তথ্যকেন্দ্রকে লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে।
ইরানি গণমাধ্যম জানিয়েছে, সর্বশেষ হামলায় একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, যেগুলোর গায়ে বিভিন্ন দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বার্তা লেখা ছিল। এর মধ্যে ভারত, জার্মানি, স্পেন ও পাকিস্তানের জনগণের নাম উল্লেখ করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এসব হামলা ইঙ্গিত দিচ্ছে যে, ইরান কৌশলগতভাবে সংঘাতের বিস্তার ঘটিয়ে একাধিক ফ্রন্টে চাপ সৃষ্টি করার চেষ্টা করছে। এতে মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


.












