মো. নাঈম সরকার
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় অগ্নিকাণ্ডে একটি মার্কেটের তিনটি দোকান পুড়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রোববার (১৫ মার্চ) ভোরে সেহরির সময় উপজেলার শশীদল ইউনিয়নের সাজঘর গ্রামের সাবের বাজারে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সাজঘর গ্রামের সাবের বাজারে এনামুল হক নুরুন্নবীর মালিকানাধীন একটি মার্কেটের তিনটি দোকানে আগুন লাগে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
বাজারের লোকজন আগুন দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুনে মার্কেটের তিনটি দোকান ও দোকানে থাকা মালামাল পুড়ে যায়। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ৪নং শশীদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান রিয়াদ। তিনি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)কে অবগত করেছেন।
চেয়ারম্যান আতিকুর রহমান রিয়াদ বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন সার্বিক সহযোগিতা নিয়ে থাকবে।












