ইরাকের দুই মার্কিন বিমানঘাঁটিতে ২৪ ঘণ্টায় আটবার হামলার ঘটনা ঘটেছে। ইরাকের ইরানপন্থি সশস্ত্র রাজনৈতিক দলগুলোর জোট দ্য ইসলামিক রেজিস্ট্যান্স শুক্রবার ভোর থেকে শনিবার ভোর পর্যন্ত এসব হামলা চালায়।
শনিবার (১৪ মার্চ) এক বিবৃতিতে এ দাবি জানিয়েছে জোটটি।
বিবৃতিতে জোট জানিয়েছে, আল হারির এবং আল আসাদ দুটি বিমানঘাঁটিতেই ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তাদের যোদ্ধারা।
তবে বিবৃতিতে এ বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি। আল হারির ও আল আসাদ বিমানঘাঁটি কিংবা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকেও এ বিষয়ে রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।
মার্কিন বিমানঘাঁটিগুলোর পাশাপাশি ইরাকে মার্কিন দূতাবাস লক্ষ্য করেও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে জোটটি। এতে দূতাবাসের হেলিপ্যাড ধ্বংস হয়েছে বলে জানিয়েছেন ইরাকের নিরাপত্তা কর্মকর্তারা।
প্রসঙ্গত, গত ৬ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরমাণু প্রকল্প নিয়ে চলা সংলাপ কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়। এর পরপরই ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ‘অপারেশন এপিক ফিউরি’ এবং ইসরায়েল ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু করে।
যুদ্ধের প্রথম দিনেই ইরানের সর্বোচ্চ নেতাসহ শীর্ষস্থানীয় কর্মকর্তাদের নিহতের ঘটনায় প্রতিশোধ হিসেবে এই পাল্টা হামলা শুরু করেছে ইরান। সৌদি আরব, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো এখন ইরানের প্রধান লক্ষ্যবস্তু হয়ে দাঁড়িয়েছে।


.












