প্রতিবেদেনে বলা হয়, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ায় স্থানান্তরের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধ শেষ করার প্রস্তাব দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে ট্রাম্প পুতিনের এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। যদিও এ বিষয়ে ওয়াশিংটন ও মস্কো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বিষয়টির সঙ্গে জড়িত সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, গত সোমবার (৯ মার্চ) ট্রাম্প ও পুতিনের মধ্যে ফোনালাপ হয়। সেই সময় পুতিন ট্রাম্পকে এই প্রস্তাব দিয়েছিলেন।
একজন মার্কিন কর্মকর্তার বরাতে অ্যাক্সিওস জানায়, এ ধরনের প্রস্তাব এই প্রথম নয়। আগেও দেয়া হয়েছিল, কিন্তু ওয়াশিংটন সেটা আগেও গ্রহণ করেনি। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান হলো—ইউরেনিয়াম নিরাপদভাবে নিয়ন্ত্রণে আছে কি না, সেটি নিশ্চিত করতে হবে।
প্রতিবেদনে আরও বলা হয়, ইরানও এই ধরনের প্রস্তাব গ্রহণ করবে—এমন কোনো স্পষ্ট ইঙ্গিতও পাওয়া যায়নি। কারণ যুদ্ধ শুরুর আগের আলোচনাতেও তেহরান এ ধরনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল।
মার্কিন ওই কর্মকর্তা আরও বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প চীনা নেতা শি জিনপিং, পুতিনসহ ইউরোপীয় নেতাদের সঙ্গে নিয়মিত কথা বলেন এবং সব সময়ই সমঝোতায় আগ্রহী। তবে সেটি ভালো চুক্তি হতে হবে। প্রেসিডেন্ট খারাপ চুক্তি করেন না।’
প্রতিবেদনে বলা হয়, গত মাসে ওয়াশিংটনের সঙ্গে আলোচনার সময় তেহরান প্রস্তাব দিয়েছিল, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) তত্ত্বাবধানে নিজেদের ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করা ইউরেনিয়ামকে ২০ শতাংশ বা তার নিচে নামাতে প্রস্তুত।
সম্প্রতি সিএনবিকে দেয়া সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ দাবি করেন, ইরানের কাছে এমন পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা দিয়ে প্রায় ১১টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব।


.












