গাজীপুরের শ্রীপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণ হয়ে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন দগ্ধ হয়েছে।
বুধবার (১১ মার্চ) রাত পৌনে ১১টার শ্রীপুরের মাওনা চৌরাস্তায় এলাকার আঃ সাহিদ সুপার ভিউ নামের একটি ভবনের সামনের বৈদ্যুতিক খুঁটির ট্রান্সফরমারে বিস্ফোরণ হয়। ট্রান্সফরমার বিস্ফোরণে সৃষ্ট আগুন আশপাশে ছড়িয়ে পড়লে তিনজন দগ্ধ হন। এসময় ওই ভবনের কয়েকটি কক্ষে আগুন লাগে।
খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে।
দগ্ধ তিনজনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় আল হেরা হাসপাতালে নেয়া হয়। পরে সেখানকার কর্মরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ঢাকায় পাঠান।
আগুন লাগার কারণ ফায়ার সার্ভিস জানাতে পারলেও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি।


.












