সংযুক্ত আরব আমিরাতে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে দুটি ড্রোন আঘাত হেনেছে। এতে এক বাংলাদেশিসহ চারজন আহত হয়েছেন। তবে এ ঘটনার পরও বিমান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আজ বুধবার (১১ মার্চ) দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, ড্রোনের আঘাতে তিনজন সামান্য আহত হয়েছেন এবং একজন মাঝারি ধরনের আঘাত পেয়েছেন। আহতদের মধ্যে দুইজন ঘানার নাগরিক, একজন বাংলাদেশি এবং একজন ভারতীয়।
এর আগে গত শনিবার (৭ মার্চ) দুবাইয়ে ড্রোন হামলা চালানো হয়। আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ওই ড্রোনটি ভূপাতিত করে। তবে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে এক প্রবাসী পাকিস্তানি নিহত হন।
গত সপ্তাহে (২৮ ফেব্রুয়ারি) ইরানে সামরিক আগ্রাসন শুরু করে ইসরাইল ও যুক্তরাষ্ট্র। সময়ের সঙ্গে এই হামলার মাত্রা ক্রমেই বেড়েছে। জবাবে ইসরাইল ও উপসাগরীয় দেশগুলোতে পাল্টা হামলা শুরু করে ইরান।


.












