কুমিল্লাবুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্রতিবেশী দেশগুলো ইরানের শ/ত্রু নয়: কাতার

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ১১, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ
Link Copied!

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি আরও অবনতির দিকে যাওয়ায় প্রতিবেশী দেশগুলো ইরানের শত্রু নয় বলে স্পষ্ট জানিয়েছে কাতার। দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল আজিজ আল-খুলাইফি বুধবার (১১ মার্চ) আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন।

তিনি আরও জানান, কাতার তার সার্বভৌমত্বের ওপর যেকোনো হামলার বিরুদ্ধে আইনি ও আত্মরক্ষামূলক ব্যবস্থা নিতে প্রস্তুত। কয়েক দিন আগে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জাসিম আল থানি তেহরানের সঙ্গে ফোনালাপে প্রতিবেশী দেশগুলোর ওপর হামলা বন্ধের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছিলেন।

কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিশেষভাবে গুরুত্ব দেন হরমুজ প্রণালীর নিরাপত্তার ওপর। তার মতে, বিশ্ব অর্থনীতির স্থিতিশীলতার জন্য এই গুরুত্বপূর্ণ জলপথে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা অত্যন্ত জরুরি। সংঘাতের কারণে এই পথের নৌযান চলাচল ব্যাহত হলে আন্তর্জাতিক বাজারে দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়তে পারে।

তিনি বলেন, একটি টেকসই সমাধানের জন্য আলোচনার কোনো বিকল্প নেই এবং চলমান সামরিক অভিযান বন্ধ করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এদিকে কাতার যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সংঘাত এড়িয়ে শান্তিপূর্ণ সমাধানের পথে এগোনোর আহ্বান জানিয়েছে।

আল-খুলাইফি পুনরায় বলেন, ইরানকে বুঝতে হবে যে আঞ্চলিক দেশগুলো তার প্রতিপক্ষ নয়; বরং তারা অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় সহযোগিতা করতে চায়। উত্তেজনা কমানো না গেলে পুরো উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা ঝুঁকির মুখে পড়বে বলেও সতর্ক করেছে কাতার।

.